শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহকর্মীর মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:২৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে বাসা বাড়িতে কাজ করার সময় ফ্রিজের বিদ্যুতের তারে জড়িয়ে চাঁন বানু (৫৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নিজমাওনা বাজার এলাকার ইনসান মুন্সির বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন বানু একই এলাকার বাসিন্দা এবং মো. মদন আলী মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে ইনসান মুন্সির বাড়ির কাজে যোগ দেন গৃহকর্মী চাঁন বানু। মুন্সি বাড়িতে তিনি ধোয়ামোছার কাজ করতেন। পরে কাঁচা ঘরের ফ্লোর মাটি দিয়ে লেপার কাজ শুরু করেন তিনি। সে সময় ঘরের কোনে রাখা ফ্রিজের নিচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয় ইউপি সদস্য আমজাদ ফকির জানান, সকালে ঘর লেপার সময় মুন্সিবাড়িতে গৃহকর্মী চাঁন বানু বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ হেফাজতে নেন। এ নিয়ে পুলিশ দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর রহমান জানান, ফ্রিজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে একজন পুলিশ অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন মৃত্যু নিয়ে কোনো অভিযোগ থাকলে মরদেহ ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠানো হবে। আপাতত মরদেহ পুলিশ হেফাজতে রাখা আছে। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত