খুলনায় ডায়রিয়ায় নারীর মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২৬, ০৭:০১ পিএম

খুলনার কয়রা উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম লতিকা সানা (৫৫)। পরিবার দাবি করেছে কেমিক্যালযুক্ত আম খাওয়ার পর ডায়রিয়া আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

একই ঘটনায় পরিবারের তুলসি সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১) গুরুতর অসুস্থ হয়। এক সাথে পরিবারের পাঁচজন সদস্যকে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসার লতিকা সানাকে মৃত বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গতকাল বুধবার বিকেলে কয়রা উপজেলার মহারাজপুর গ্রাম থেকে ডায়রিয়া আক্রান্ত হয়ে পাঁচ রোগী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে গুরুতর অসুস্থ লতিকা সানাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের বাকি সদস্যদেরকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। 

সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা গেছে, ৯ জুন রাতে পরিবারের পাঁচ সদস্য হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন তারা। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওই নারীর ভাতিজা সাংবাদিক নিতিশ সানা জানান, রাতে আম খাওয়ার পর পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন। ভোর থেকে তাদের পেটে সমস্যা শুরু হয়।

কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুজিত কুমার বৈদ্য জানান, ডায়রিয়ায় আক্রান্ত পাঁচজনকে বুধবার বিকালে হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, পরিবার দাবি করেছে আম খাওয়ার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে, কিন্তু এই অভিযোগে আর কাউকে হাসপাতালে আসতে দেখা যায়নি। ডাক্তার সুজিত বলেন, সম্প্রতি কয়রা উপজেলার বিভিন্ন স্থানে খাবারে স্প্রে করে বিষক্রিয়া প্রয়োগ করা হচ্ছে এ ঘটনাও হতে পারে। তাছাড়া আমে রাসায়নিক বিষক্রিয়ার মাধ্যমে ডায়রিয়ায় মৃত্যু হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত