দেশের উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে মন্ত্রব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, গার্মেন্টস, রেমিট্যান্সসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে, তার ভিত্তি রচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শিক্ষার প্রসার ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের উন্নয়ন ও অগ্রগতির পেছনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান রয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে দিনাজপুর শহরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েটেড বডি সমূহের ‘মতবিনিময় সভা ও বৈজ্ঞানিক সেমিনার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটিকে সবাই জনগণের সম্পদ হিসেবে বিবেচনা করবেন।
মরহুম বেগম খালেদা জিয়া কখনো কোনো সমিতি বা সংগঠনে দলীয় লোকজনকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করেননি বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি বাস্তব ও সত্য তথ্য সমাজ ও জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি হাসনাইন আকতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্যদের হুইপ মো.আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মো.সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি প্রমুখ।