মানিকগঞ্জ

নারীরা গ্র্যাজুয়েট পর্যন্ত পড়বে বিনা খরচে: পর্যটনমন্ত্রী

আপডেট : ১২ জুন ২০২৬, ০৪:৪২ পিএম

নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তা বাস্তবায়ন করবেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

শুক্রবার (১২ জুন) দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আফরোজা খানম রিতা বলেন, ‘দেশের মানুষ ও দেশের স্বার্থেই এবারের বাজেট পেশ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। এ বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।’

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ ১৮টি বিদ্যালয় ১৮টি প্রকল্প উপস্থাপন করেছে। এগুলো যেন চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বাস্তবে রূপ দিতে হবে। প্রয়োজনে একটি প্রকল্প হলেও বাস্তবায়ন করো। এতে আমি তোমাদের পাশে থাকব। আমি চাই, তোমরা সাটুরিয়া থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পুরস্কার পাও।’

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যেহেতু সরকার নারীদের গ্র্যাজুয়েট পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করছে, তাই শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হতে হবে।’

সাটুরিয়া উপজেলা প্রশাসন ও সাটুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাজমুন আরা সুলতানা। আরও বক্তব্য দেন মোহাম্মদ সারওয়ার আলম এবং ফকির জাকির হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

পরে মন্ত্রী অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষক দলের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলার ১৭টি উচ্চ বিদ্যালয় ও একটি কলেজ অংশগ্রহণ করে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত