ডেপুটি স্পিকারের সঙ্গে চাইনিজ প্রতিনিধি দলের বৈঠক

আপডেট : ১২ জুন ২০২৬, ০৫:৫৫ পিএম

চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে ইউনান প্রদেশের শীর্ষ নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) কুনমিংয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও ইউনান প্রদেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং যোগাযোগ অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সাথে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি, আখতার হোসেন এমপি, খালেদ মাহমুদ শ্যামল এমপি, সুলতানা জেসমিন এমপি ও চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ।

অন্য দিকে, চায়নার পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ( ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক ওয়াং নিং, তার সাথে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর  লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক লি চাউইয়ে, স্বাস্থ মন্ত্রণালয়ের মহাপরিচালক শি জানবিন।

বৈঠকে দুপক্ষই ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ব্যাপারে একমত হন। বিশেষ করে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক সড়ক যোগাযোগ উন্নয়নের সম্ভাবনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধি দলের পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় অব্যাহত রাখার বিষয়েও উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত