টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খলিলুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার বহেড়াতৈল গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিজের ব্যবহৃত ফ্রিজ ঘরের এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খলিলুর রহমান দীর্ঘদিন ধরে বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সঙ্গে শিক্ষকতা করে আসছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে বিএসএফকে ১০০ কিমি জমি দেয়া হয়েছে: শুভেন্দু