অবসরে উইলিয়ামসন

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:৫২ এএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকাই অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই তাৎক্ষণিকভাবে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ৩৫ বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে অবসান ঘটল তার ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের।

এক বিবৃতিতে উইলিয়ামসন বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। তবে গত কয়েকদিনে আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে, সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমি সবসময়ই অন্যরকম তাড়না ও ক্ষুধা অনুভব করেছি। নিউজিল্যান্ডের হয়ে খেলা প্রতিটি ম্যাচে আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এটা ভেবে আমি গর্বিত। এর চেয়ে কম কিছু নিয়ে এগিয়ে যাওয়া ঠিক হতো না। নিজের শর্তে বিদায় নিতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’

উইলিয়ামসন আরও যোগ করেন, ‘দলটি যেভাবে এগিয়ে যাচ্ছে তা নিয়ে আমি আশাবাদী। এই দলে প্রচুর প্রতিভা রয়েছে। দলটিকে আমি ভালোবাসি এবং দীর্ঘদিন এর অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে ক্যারিয়ার শেষ করলেন উইলিয়ামসন। ১১০ টেস্টে ৫৪.০৬ গড়ে তার সংগ্রহ ৯,৫১৫ রান। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় গৌরবময় অধ্যায় ছিল ২০২১ সালে ভারতের বিপক্ষে দলকে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো। এছাড়া ১৭৫টি ওয়ানডে ম্যাচে ৭,২৫৬ রান (নিউজিল্যান্ডের চতুর্থ সর্বোচ্চ) এবং ৯৩টি টি-টোয়েন্টিতে ২,৫৭৫ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত