ইয়াবা, অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী বাবলুসহ গ্রেপ্তার ২

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ৩০০ পিস ইয়াবা, দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। শনিবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়ন শফি মেম্বারের ছেলে মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫) ও তার সহকারী একই এলাকার আবুল কাসেমের ছেলে মো. জুয়েল রানা (৩৬)।

ছেনী বাবলুর বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হাওলাদার জানান, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের যোগদানের পর জেলার বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের স্বার্থে সন্ত্রাস- অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা দেন। তার নির্দেশনার ভিত্তিতে বিভিন্ন থানা এলাকায় সন্ত্রাসবিরোধী ও অপরাধ দমনমূলক অভিযান জোরদার করা হয়। গতকাল শুক্রবার দিবাগত রাতে সন্দ্বীপ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছেনী বাবলুকে রহমতপুর সূচনা কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী মো. জুয়েল রানাকেও গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় এলজি, চারটি কার্তুজ, একটি করে ছেনি ও চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত