ডেভিড বনাম গোলিয়াথ লড়াই

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

বিশ্বকাপ ফুটবল মানেই চরম বৈপরীত্যের খেলা, আর সেই বৈপরীত্যের এক অনন্য বিজ্ঞাপন হতে যাচ্ছে আজ রাতের জার্মানি ও কুরাসাও ম্যাচটি। একদিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন, ইউরোপিয়ান পরাশক্তি জার্মানি যাদের লক্ষ্য বিগত দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লজ্জা ভুলে ট্রফি পুনরুদ্ধারের মিশন শুরু করা। অন্যদিকে, জনসংখ্যা (মাত্র ১ লাখ ৫৬ হাজার) ও আয়তনের দিক থেকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ কুরাসাও; যাদের জন্য বিশ্বমঞ্চের এই সবুজ ঘাসে পা রাখাই এক অবিশ্বাস্য রূপকথা। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে দুই দলের এই ঐতিহাসিক লড়াই।

২০১৪ সালের চ্যাম্পিয়নরা এবার কাগজ-কলমে টুর্নামেন্টের মূল ফেভারিট না হলেও, কোচ জুলিয়ান নাগেলসম্যানের অধীনে টানা ৯ ম্যাচ জয়ের দুর্দান্ত ছন্দে রয়েছে। কাই হাভার্টজ, ফ্লোরিয়ান ভির্টজ এবং চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারদের নিয়ে গড়া জার্মানি চাইবে কুরাসাওকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করতে। নাগেলসম্যান ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে, নয়ার পুরোপুরি ফিট এবং আজকের ম্যাচেই তিনি মাঠে নামছেন।

দলের বন্ধন নিয়ে নাগেলসম্যান বলেন, ‘আগামী কয়েক সপ্তাহের জন্য আমরা একটি পরিবার। মাঠে আমরা একটি আদর্শ পরিবারের মতোই একে অপরের জন্য নিজের সেরাটা বিলিয়ে দেব।’ তবে দলের ডিরেক্টর রুডি ফোলারের কথায় স্পষ্ট পেশাদারিত্বের ছাপ, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য, এখানে আলোচনার কোনো সুযোগ নেই।’

জার্মানির প্রতিপক্ষ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র কুরাসাওয়ের গল্পটা যেন কোনো হলিউড সিনেমার চিত্রনাট্য। ২০১০ সালে নেদারল্যান্ডসের কলোনি থেকে স্বায়ত্তশাসন পাওয়া এই দেশটির ফুটবলাররা একসময় ভিন্ন ভিন্ন রঙের মোজা ও জার্সি পরে অনুশীলন শুরু করেছিলেন। মাত্র তিন বছর আগেও (২০২৩ সালের সেপ্টেম্বরে) মহাদেশীয় টুর্নামেন্ট খেলতে যাওয়ার সময় যাদের নিজেদের কোনো চার্টার্ড বিমান ছিল না!

দলের পারফরম্যান্স কোচ অ্যাঞ্জেলো সিঞ্জে সেই দিনগুলোর কথা মনে করে হাসেন, ‘মার্টিনিক যাওয়ার সময় আমাদের কোনো চার্টার্ড ফ্লাইট ছিল না। একটা ছোট প্রপেলার বিমানে করে মাত্র ৬ জন করে খেলোয়াড় ভেঙে ভেঙে পাঠাতে হয়েছিল। মূল একাদশ সময়মতো পৌঁছালেও বদলি খেলোয়াড়রা যখন মাঠে আসে, তখন খেলা চলছে! এমনকি তাদের লাগেজও পৌঁছায়নি, অন্যের বুট-মোজা পরে তাদের বসতে হয়েছিল।’ আজ সেই দলটিই মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানির।

কুরাসাওয়ের এই রূপকথার পেছনে অন্যতম বড় কারিগর তাদের ৭৮ বছর বয়সী প্রখ্যাত ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। আজ মাঠে নামার সঙ্গে সঙ্গেই তিনি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কোচের রেকর্ড গড়বেন। মেয়ে অসুস্থ থাকায় মাঝে দায়িত্ব ছাড়লেও মে মাসে তিনি আবার ডাগআউটে ফিরেছেন। জার্মানি ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘জার্মানি স্পষ্টভাবেই ফেভারিট। তবে তাদের বিপক্ষে বিশ্বকাপ শুরু করাটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।’

কুরাসাও দলের সবচেয়ে বড় শক্তি তাদের বিনয় ও একতা। ফিফা যখন তাদের জিজ্ঞেস করেছিল বিশ্বকাপে তাদের জন্য আলাদা ভিআইপি প্রবেশদ্বার বা বাড়তি নিরাপত্তার প্রয়োজন আছে কি না, দলের টিম কো-অর্ডিনেটর ভউটার জানসেন সাফ বলে দেন, ‘আমাদের কোনো কিছুর দরকার নেই। আমরা সাধারণ লবি দিয়ে ঢুকতেই অভ্যস্ত। আমরা ভক্তদের অটোগ্রাফ দিতে এবং অনুশীলনের পর সাধারণ মানুষকে মাঠে এসে ছবি তোলার সুযোগ দিতেও দ্বিধা করি না। আমরা এখানে এসেই বিশ্বকাপ জিতে গেছি!’

এই কুরাসাও দলটির আবেগ জড়িয়ে আছে তাদের সাবেক গোলরক্ষক জাইরজিনহো পিটারকে ঘিরে, যিনি ২০১৯ সালে জাতীয় দলের ক্যাম্পে থাকাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমান এক নম্বর গোলরক্ষক এলোয় রুম জানান, প্রতিটি ম্যাচের আগে দলের অধিনায়ক লিয়েন্দ্রো বাকুনা প্রয়াত পিটারের একটি নেকলেস নিয়ে সবাই মিলে প্রার্থনা করেন। রুমের বিশ্বাস, বাছাইপর্বে জ্যামাইকার বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে পিটারের আত্মাই গোলপোস্টে থেকে গোল হতে দেয়নি।

ফুটবল ইতিহাসে এর আগে জার্মানি ও কুরাসাও কখনো কোনো ম্যাচে মুখোমুখি হয়নি। আজ হিউস্টনের মাঠে যখন রেকারির বাঁশি বাজবে, তখন একদিকে থাকবে কোটি ইউরোর জার্মান মেশিনের নিখুঁত ফুটবল, আর অন্যদিকে থাকবে ১ লাখ ৫৬ হাজার মানুষের এক বুক স্বপ্ন ও ফুটবল রোমাঞ্চ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত