২৮ বছর পর বিশ্বকাপে ফিরে জয় দিয়ে শুরু স্কটল্যান্ডের

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৯:৩৭ এএম

এর আগে সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে খেলেছিল স্কটল্যান্ড। সেবার গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল ইউরোপের দলটির। এমনকি তাদের খেলা মোট ৮ বারের বিশ্বকাপের আসরে কখনই পেরোতে পারেনি গ্রুপপর্বের গণ্ডি। তবে অতীতের সব স্মৃতি মুছে যেন সোনালি দিনের পথে স্কটিশরা। ২৮ বছর বিশ্বকাপে ফিরে হাইতির বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে প্রত্যাবর্তনের আসরের শুরুটা রাঙিয়ে রাখল স্টিভ ক্লার্কের দল। 

ম্যাচের ২৮তম মিনিটে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার জন ম্যাকগিনের দুর্দান্ত স্ট্রাইকে লিড নেয় স্কটল্যান্ড, যা শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়। হাইতি বেশ কয়েকবার আক্রমণ চালালেও স্কটিশ গোলরক্ষক অ্যাঙ্গাস গান এবং রক্ষণভাগের দৃঢ়তায় ৩ পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে গ্রুপ 'সি'-তে ব্রাজিল ও মরক্কোর ১-১ ড্রয়ের পর টেবিলের শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে স্কটল্যান্ড। দীর্ঘ ১০,২২৪ দিন পর বিশ্বমঞ্চে গোল এবং ১৯৯০ সালের পর বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়ে উল্লাসে মেতেছে পুরো স্কটিশ শিবির। 

বস্টনের গিলোট স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণে আধিপত্য দেখায় স্কটল্যান্ড। ১৭ মিনিটেই লিড পেতে পারত তারা; বেন ডকের বাড়ানো পাস থেকে স্কট ম্যাকটমিনে ডি-বক্সের ভেতর থেকে জোরালো শট নেন। তবে দুর্ভাগ্যবশত বলটি গোলপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় সমর্থকদের। 

অবশেষে ২৮ মিনিটে ডেডলক ভাঙতে সক্ষম হয় তারা। ডান প্রান্ত দিয়ে বেন ডক তার দুর্দান্ত গতির ঝলক দেখিয়ে হাইতির ডিফেন্স চিরে ভেতরে ঢুকে পড়েন। তার বাড়ানো বলে চে অ্যাডামস শট নিলে হাইতিয়ান গোলরক্ষক তা প্রতিহত করেন, তবে শেষ পর্যন্ত আর বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে ম্যাকগিন সুযোগসন্ধানী শট নিলে তা এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

পিছিয়ে পড়ে ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হয় হাইতি, যদিও ফাউলের সিদ্ধান্ত নিয়ে লাইন্সম্যানের ওপর ক্ষোভ ঝাড়েন স্কটিশ অধিনায়ক রবার্টসন। এরপর ৩৮ মিনিটে হাইতির আরও একটি আক্রমণ চালালেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি। অন্যদিকে, ৪০ মিনিটে উইলসন ইসিডরের ফাউল থেকে স্কটল্যান্ড ফ্রি-কিক পেলেও রবার্টসনের ক্রস বক্সের ভেতর থেকে দ্রুত ক্লিয়ার করে হাইতির ডিফেন্স, যার ফলে প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া হয় স্কটিশদের।

এদিকে দ্বিতীয়ার্ধেও দল দুটি আক্রমণ-প্রতি আক্রমণে মেতে থাকলেও শেষ প্রযন্ত আর প্রভাব পড়েনি স্কোরবোর্ডে। ম্যাকগিনের সেই একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটিশরা। আসরে তাদের পরের ম্যাচ  জুন, মরক্কোর বিপক্ষে। একই দিনে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে হাইতি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত