ফতুল্লায় পুলিশের অভিযানে গোলাগুলি ও ‘ফাইটার মনির’সহ গ্রেপ্তার ৩

আপডেট : ১৪ জুন ২০২৬, ১১:৪৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘ফাইটার মনির’ ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহতদের মধ্যে পুলিশ সদস্যরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এ ছাড়া হামলায় পথচারী হেলাল উদ্দিন, চালক বাবু এবং একেএম শফিউদ্দিন আহত হয়েছেন। আহতদের প্রত্যেককে শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির এবং তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, ‘তখন গ্রেফতারদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাথারী ইট পাটকেলের ঢিল ছুরে। পরে পুলিশকে লক্ষ করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও গ্রেফতার মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে।’ বর্তমানে ওই এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে এর আগেও মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাব ও পুলিশের একাধিক সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত