ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক 

আপডেট : ১৪ জুন ২০২৬, ০২:৪৪ পিএম

তারল্য সংকট কাটাতে ব্যাংক ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার বা তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ ছাড় করে।

ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে ব্যাংকটিতে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। ফলে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআরও রাখতে পারেনি।

এ অবস্থায় গত সপ্তাহে ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করে। এরই অংশ হিসেবে প্রাথমিকভাবে আড়াই হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হলো।

এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসলামী ব্যাংকের তারল্য সংকট দ্রুত সমাধান করা হবে এবং আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না।

কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই সহায়তার ফলে ইসলামী ব্যাংকের চলমান সংকট দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত