ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত চার ইউরোপীয় দেশ

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৫৯ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কিছু পদক্ষেপ নিতে সম্মত হওয়ায় দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি।

রবিবার (১৪ জুন) চার দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে বলেন, 'ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এই লক্ষ্য অর্জনে আমরা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে কাজ করতে প্রস্তুত।'
 
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতির ভিত্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

চার ইউরোপীয় দেশের এই অবস্থানকে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ দূর করতে তেহরানকে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে বলেও নেতারা উল্লেখ করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত