ইরানের অজান্তে হরমুজ প্রণালি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল সরিয়েছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অজান্তে হরমুজ প্রণালি দিয়ে প্রায় ১০ কোটি ব্যারেল অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনীর একটি গোপন অভিযানের মাধ্যমে ২০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে প্রণালি অতিক্রম করতে সহায়তা করা হয়েছে।

মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ জোরদার হয়েছে। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গত মাসে তিনি মার্কিন সামরিক বাহিনীকে একটি গোপন মিশন পরিচালনার নির্দেশ দেন, যার লক্ষ্য ছিল তেলবাহী ট্যাংকার ও অন্যান্য বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালি পার হতে সহায়তা করা।

তিনি দাবি করেন, ওই অভিযানের ফলে ১০ কোটির বেশি ব্যারেল তেল হরমুজ প্রণালি পেরিয়ে বৈশ্বিক বাজারে পৌঁছেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন, 'এখন আমি বিষয়টি বলতে পারি। আমরা লাখ লাখ ব্যারেল তেল সরিয়ে নিয়েছি। এ বিষয়ে কেউ জানত না। এমনকি ইরানও জানত না।'

তিনি আরও দাবি করেন, এক রাতে আলো নিভিয়ে ২২টি জাহাজকে প্রণালি অতিক্রম করানো হয় এবং ইরানের রাডার সক্ষমতা দুর্বল করে দেওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে।

এর আগে মে মাসের শুরুতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক উদ্যোগের মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র। তবে মিত্র দেশগুলোর পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় ট্রাম্প একদিন পরই পরিকল্পনাটি স্থগিত করেন। যদিও পরে মার্কিন কয়েকটি গণমাধ্যমে এ ধরনের কার্যক্রম পুনরায় শুরুর খবর প্রকাশিত হয়, সে সময় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বাণিজ্যিক জাহাজকে নৌবাহিনীর সরাসরি সহায়তা বা নিরাপত্তা দেওয়ার খবর অস্বীকার করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত