নবম পে-স্কেলের খসড়া নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা ও পর্যালোচনার কাজ চলছে। প্রস্তাবিত কাঠামোতে বিদ্যমান ২০টি গ্রেড ঠিক রেখে বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। যার খসড়া কপিটি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল বাস্তবায়নের অপেক্ষায় থাকলেও, এর গেজেট প্রকাশের কোনো চূড়ান্ত তারিখ এখনও নির্ধারিত হয়নি। তবে খুব শিগগিরই গেজেট প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে যানা গেছে।
নবম পে-স্কেলের গেজেট ২০২৬ সালের জুন মাসের যেকোনো দিন প্রকাশের জোরালো সম্ভাবনা রয়েছে এবং এটি আগামী ১ জুলাই থেকে দেশব্যাপী কার্যকর হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন এই বেতন কাঠামো আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে, বিজি প্রেসের ওয়েবসাইটে সরকারি নির্দেশনাসহ খুব শিগগিরই এই গেজেটের পিডিএফ (PDF) কপি প্রকাশ করা হবে।
চূড়ান্ত গেজেট প্রকাশের পর ১ জুলাই, ২০২৬ থেকে সরকারি চাকরিজীবীরা নতুন স্কেল অনুযায়ী বর্ধিত বেতন পাবেন।নতুন পে-স্কেলের ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ২৫,০০০ থেকে ৩৫,০০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে।
বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখেই এই বেতন কাঠামো বিন্যাস করা হয়েছে। ২০তম গ্রেডের সর্বনিম্ন বেসিক ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার জোর সুপারিশ করা হয়েছে। ১ম গ্রেডের সর্বোচ্চ বেসিক ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাবনা রয়েছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য নতুন পে-স্কেলে পেনশন সুবিধা প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। সরকারি জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গেজেটের খসড়া পর্যালোচনা শেষ পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তুত করা হচ্ছে।