ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু নাঈম খান (৫৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
সোমবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপারা এলাকায় ফিলিং স্টেশনের পাশে ঢাকা বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু নাঈম খান তিনি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মিনি ট্রাকটির চালক
আহতরা হলেন- জুয়েল (৩৫), সজীব (২৫), আমিরুল (৩২) ও লাভলু (৩০)। তারা সবাই ট্রাকের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাক ও একটি বড় ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের পান্তাপাড়া এলাকায় একটি মিনি ট্রাক ও বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা