তারল্য সংকট কাটাতে বেসরকারি খাতের ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের নগদ টাকা উত্তোলনের প্রবল চাপ এবং আমানত কমে যাওয়ার কারণে সৃষ্ট সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এ তারল্য সহায়তা প্রদান করে। সোমবার (১৫ জুন) ইসলামী ব্যাংক সূত্র সংবাদমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রবিবার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেয়ার কথা বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়। ১০ হাজার কোটি টাকা চাওয়ার বিপরীতে প্রাথমিকভাবে এই অংকের অর্থ দেয়া হয়েছে।
মূলত, ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে টানা কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এতে ব্যাংকটিতে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত তুলে নেন। ফলে তারল্য সংকট দেখা দেয় এবং অনেক গ্রাহককে চাহিদা অনুযায়ী অর্থ দিতে ব্যর্থ হয় ব্যাংকটি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত সিআরআরও রাখতে পারেনি।
আমানতকারীদের নগদ টাকা উত্তোলনের এই চাপ সামাল দিতে মূলত ব্যাংকটিকে সহায়তা করা হয়েছে। এর আগে, গত শুক্রবার ইসলামী ব্যাংকের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে গভর্নর প্রয়োজনে নগদ সহায়তার বিষয়ে নিশ্চিত করেন। একইসাথে প্রয়োজনে পরবর্তীতে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বশীল সূত্র।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক থেকে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত ৯ দিনে প্রায় ৬ হাজার কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকরা। এছাড়া ব্যাংকের আমানতকারীদের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে।
ব্যাংকটির অভ্যন্তরীণ হিসাব অনুযায়ী, ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত আমানত কমেছে ৪ হাজার ২০৪ কোটি টাকা। পরবর্তী দুই দিনে আরও প্রায় ২ হাজার কোটি টাকা তুলে নেয়া হয়। এতে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়।
নবম পে-স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে ‘বিশেষ সুবিধা’