প্রায় ২ ঘণ্টা অবরোধের পর রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক ছেড়েছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার দুপুরে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুরের দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
বকেয়া বেতনের দাবিতে আজ সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নেন। তারা বিক্ষোভ শুরু করেন। এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান।
১) গত মে মাসের বেতন।
২) ২০২৫ সালের ছুটির টাকা।
৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।
৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।
৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।
৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।