ইসলামী ব্যাংকের ভাঙা আমানত পুনরায় চালুর সুযোগ, সব খরচ মওকুফ

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

১ জুন থেকে ১৫ জুন ২০২৬ সময়ের মধ্যে মেয়াদপূর্তির আগেই বিভিন্ন আমানত হিসাব বন্ধ বা নগদায়ন করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির পক্ষ থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব গ্রাহক এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএসএ হিসাব মেয়াদপূর্তির আগে বন্ধ বা নগদায়ন করেছেন, তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে ওই হিসাব পুনরায় চালু করলে ব্যাংক সব ধরনের খরচ মওকুফ করবে।

এ ছাড়া পুনরায় চালু করা হিসাবগুলোকে নতুন হিসাব হিসেবে নয়, বরং আগের ধারাবাহিকতায় চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে। ফলে অকালে আমানত ভাঙার কারণে গ্রাহকদের যে আর্থিক ক্ষতি হয়েছে, তা অনেকাংশে কাটিয়ে ওঠার সুযোগ পাবেন তারা।

ইসলামী ব্যাংক জানিয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সুবিধা পেতে আগ্রহী গ্রাহকদের আগামী সাত কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ব্যাংকটির পক্ষ থেকে গ্রাহকদের আতঙ্কিত না হয়ে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনারও আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদি আমানত ব্যবস্থাপনায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত