প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান এর সঙ্গে দিল্লির ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ সোমবার( ১৫ জুন) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা বলেন।
খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দর থেকে ফিরে আসার বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে।
এর আগে, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান। সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষের অসৌজন্যমূলক আচরণের কারণে তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন উপদেষ্টা। এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।