গৃহবধূ মৃত্যুর মামলায় পলাতক স্বামী-শাশুড়িসহ ৩ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০২৬, ১২:০৪ পিএম

ভোলা সদর মডেল থানায় দায়ের হওয়া গৃহবধূ মোসা. সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলার দীর্ঘদিনের পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (১৬ জুন) র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় এবং র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দলের সহযোগিতায় চট্টগ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মামলার ১ নম্বর আসামি ও মৃত গৃহবধূর স্বামী মো. সোহাগ, ২ নম্বর আসামি ও ভিকটিমের শাশুড়ি মোসা. কোহিনুর বেগম এবং ৪ নম্বর আসামি মোসা. মুক্তা আক্তার।

র‍্যাব সূত্র জানায়, গত ৫ জুন ভোলা সদর মডেল থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা করা হয়। মামলাটি গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুকে কেন্দ্র করে করা হয়। ঘটনার দিনই র‍্যাব-৮ এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়া তদন্ত-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ৮ এর ভোলা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান জানান, মঙ্গলবার রাত ১১টায় চট্টগ্রাম ইপিজেড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। 

র‍্যাব আরও জানায়, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত অপরাধ দমনে তারা সবসময় কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত