গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ১দিন পর বাক প্রতিবন্ধী মমিন মিয়া নামের ৫ বছরের একশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। মমিন মিয়া উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাক প্রতিবন্ধী মতিয়ার রহমানের পুত্র।
স্থানীয়দের ভাষ্যমতে, মায়ের সাথে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মমিন নিখোঁজ হয়। পরিবার লোকজন ও প্রতিবেশীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে ফোনে খবর দেয়। কিন্ত গভীর রাত হওয়ায় এবং তাৎক্ষনিক ডুবুরি না থাকায় তারা পানিতে না নেমে চলে যান।
মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে এলাকার লোকজন বাড়ির পাশেই নদীতে মমিনের মরদেহ ভাসতে দেখে তার উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।