বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না বলে কর্মকর্তা-কর্মচারীদের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, সিটি করপোরেশন জনগণের সেবায় নিয়োজিত। তাই জনগণের প্রতিটি অভাব-অভিযোগ শুনে সেগুলো সমাধান করার দায়িত্ব আমাদের। বর্জ্য অপসারণ, সড়ক ও এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে এখানে ‘বাজেট নেই বা লোক নেই’ এমন কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না।
গতকাল বুধবার রাজধানীর লালবাগ মির্জা আবুতালিব শায়েস্তা খান কমিউনিটি সেন্টারে ডিএসসিসির অঞ্চল-৩ ও অঞ্চল-৪ এর আওতাধীন এলাকাবাসীর সঙ্গে গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
আবদুস সালাম বলেন, জনগণকে বারবার প্রশ্নের মুখে না ফেলে আগেই কাজ সম্পন্ন করতে হবে। নাগরিক সার্টিফিকেট, জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ প্রাপ্তিতে কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না। কাগজপত্র সঠিক থাকলে দ্রুত সেবা প্রদান করতে হবে এবং কেউ বাধা সৃষ্টি করলে সরাসরি কর্তৃপক্ষকে জানাতে নাগরিকদের অনুরোধ করেন তিনি।