এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে দুই ভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ এক তরুণের মরদেহ উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার দুই ছেলে হামিদ মিয়া ও কাবিল মিয়া এবং একই এলাকার রফিক মিয়ার ছেলে সাব্বির মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাজনগর উপজেলার কামালপুর গ্রামের হামিদ, কাবিল ও সাব্বির নৌকা নিয়ে হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে মাছ ধরতে যান। দুপুরে হঠাৎ প্রচণ্ড ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার পর হামিদ ও সাব্বিরের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। কাবিল মিয়ার লাশ নৌকা থেকে হাওরের পানিতে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল নিখোঁজ কাবিলের লাশ উদ্ধারে হাওরে তল্লাশি অভিযান শুরু করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, হাওরে বজ্রপাতে ৩ জন মারা যাওয়ার খবর পেয়েছি। এর মধ্যে সাব্বির ও হামিদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কাবিলের লাশ এখনো পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরি দল নিখোঁজ লাশটি উদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে।