বিয়ে করতে এসে বড় ভাই খুন

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০৫ এএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাই রাকিব মিয়ার হাতে বড় ভাই শাকিব শাহরিয়ার (২৭) খুন হয়েছেন।  গত বুধবার রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের মাগুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাকিব শাহরিয়ার ওই এলাকার এরশাদুল হক লিটনের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিব শাহরিয়ার ঢাকার একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। গত কয়েকদিন আগে ঢাকা থেকে তিনি বাড়িতে আসেন। প্রতিবেশী গ্রামে তার বিয়ের কথা চলছিল। গত বুধবার রাতে নিজ বাড়িতে দুই ভাই বিশ্ব ফুটবল খেলা দেখছিলেন। এ সময় বাবার মোটরসাইকেল চালানোসহ পারিবারিক বিষয়ে নিয়ে ঝগড়া শুরু হয়। তর্ক শেষে বড় ভাই শাকিব শাহরিয়ার বারান্দা থেকে ঘরে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ছোট ভাই রাকিব মিয়া ধারালো ছুরি দিয়ে শাকিবকে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাকিব শাহরিয়ারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি।

হত্যার বিষয়টি গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক মুঠোফোনে জানান, এ ঘটনায় নিহত বাবা বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এজাহারে তারই ছোট ছেলে রাকিব মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত