প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য ও চীনের হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:১৪ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ পৃথক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের মেয়াদে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন। বৈঠকে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এ ছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

এ ছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর পর অ্যাভিয়েশন খাতে ব্রিটিশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার।

অপর বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২৭ সেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান। বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

উভয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত