বিমানমন্ত্রী বললেন

টিকিটের অস্বাভাবিক দাম নিলে কঠোর ব্যবস্থা

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০৫ এএম

কোনো এজেন্সি বিমানের টিকিটের অস্বাভাবিক দাম নিলে বা সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

আফরোজা খানম বলেন, অভ্যন্তরীণ বিমানে টিকিট বুকিংয়ে দিন ও সময় কেন্দ্র করে ভাড়া ওঠানামা করার কারণ  আন্তর্জাতিক যাত্রী পরিবহনের মতো অভ্যন্তরীণ রুটেও এয়ারলাইনসসমূহের সময় এবং চাহিদার ওপর ভিত্তি করে ভাড়া নির্ধারিত হয়, যা বিশ্বব্যাপী ‘রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম’ বা ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি নামে পরিচিত।

তিনি বলেন, ভাড়া ওঠানামা করার আরও কারণÑ বিমান বাংলাদেশ এয়ারলাইনস তার নিজস্ব বাণিজ্যিক স্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থ, একই রুটে অন্যান্য উড়োজাহাজ কোম্পানির প্রতিযোগিতামূলক ভাড়া এবং অন্যান্য বিভিন্ন ধরনের নিয়ামক যেমনÑ জ্বালানি মূল্য, পরিচালনা ব্যয়, এয়ারক্রাফটের ধরন, দিন, সময়, পিক, অফ-পিক, মৌসুম, যাত্রী চাহিদা, আসন প্রাপ্যতা, অগ্রিম বুকিং, যাত্রীসেবার মান ইত্যাদি বিবেচনায় টিকিটের মূল্য/ভাড়া নির্ধারণ করে। ফলে অধিক চাহিদাসম্পন্ন সময়ে ভাড়া বৃদ্ধি পায় এবং কম চাহিদাসম্পন্ন সময়ে তুলনামূলকভাবে ভাড়া হ্রাস পায়।

মন্ত্রী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭ সংশোধনের উদ্যোগ নিয়েছে।

বিমানমন্ত্রী বলেন, টিকিট সিন্ডিকেট ও প্রতারণা রুখতে টিকিটের গায়ে আবশ্যিকভাবে মূল্য, এজেন্সির নাম ও লাইসেন্স নম্বর উল্লেখ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো এজেন্সি অস্বাভাবিক মূল্য আদায় করলে বা সিন্ডিকেটে জড়িত থাকলে তাদের নিবন্ধন বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান টিকিটের দাম যেন যাত্রীদের জন্য সহনীয় পর্যায়ে থাকে, সে বিষয়ে মন্ত্রণালয় এবং বেবিচককে নিয়মিত ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় ও আলোচনা অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত