আগুন নেভাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত ৫

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:০৬ এএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারে অগ্নিকা-ের ঘটনায় আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। গতকাল বৃহস্পতিবার ভোরে পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত বাবুল মোল্যা বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের বাসিন্দা ও পেশায় নসিমন চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নেভানোর সময় একটি দোকানের ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে একটি মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত