জাতীয় সংসদে সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা কার্যপ্রণালি বিধিতে নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গতকাল বৃহস্পতিবার স্পিকার জাতীয় সংসদে এ বিষয়ে রুলিং দেন। তিনি বলেন, ‘গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সদস্য জয়নাল আবেদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে সভাপতির প্রতি ঝুঁকিয়া সম্মান জানানোর প্রচলিত রীতি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানো হবে বলে আমি তখন আশ্বস্ত করেছিলাম।’
রুলিংয়ে স্পিকার বলেন, ‘আমাদের কার্যপ্রণালি বিধির ২৬৭ (১) বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। সেহেতু সংসদ সদস্যরা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।’ এর মাধ্যমে জাতীয় সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট করা হয়েছে।
বিদেশে চিকিৎসাধীন ৫০ জুলাই যোদ্ধা : সংসদ সদস্য রোকেয়া বেগমের এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান সংসদে জানিয়েছেন, জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত ১৫২ জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়ায় পাঠানো হয়েছিল। তাদের ১০২ জন দেশে এসেছেন। বর্তমানে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন ৫০ জন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ : বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ২০২৫-২০২৬ অর্থবছরে হাওর এলাকার সাত জেলার কৃষকদের জন্য ২০ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৯৫০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী জানান, অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা-পরবর্তী কৃষি পুনর্বাসনের অংশ হিসেবে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২ লাখ ৭১ হাজার ৭০০ জন কৃষক এ সহায়তার আওতায় আসবেন।