কদমতলীতে ব্যবসায়ী খুন

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০২ এএম

রাজধানীর কদমতলী পূর্ব জুরাইনে রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সবজি ব্যবসায়ী মো. কুদ্দুস (৫০) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্বজনরা জানান, কুদ্দুস পূর্ব জুরাইন দারোগাবাড়ি রোডের ৯১/এ নম্বর বাসার বাসিন্দা। তিনি স্থানীয় বৌ বাজারে সবজির ব্যবসা করতেন। ওই ঘটনায় থানায় একটি হত্যা মামলা করেছে নিহতের পরিবার।

তাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির মালিক কামাল শিকদার জানান, রাতে কুদ্দুস পূর্ব জুরাইনের নবারণ গলির পপি স্কুলের সামনের সড়ক দিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত