আগামী মঙ্গলবার (২৩ জুন) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি। গতকাল শুক্রবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা চেকপোস্ট অব্যাহত রয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। তবে ৫ আগস্টের পরে পুলিশের যে ভঙ্গুর অবস্থা ছিল, সেখান থেকে পুলিশটাকে অনেকটা স্ট্রিম লাইনে আনার চেষ্টা করেছি, করে যাচ্ছি... করতেছি।
অতিরিক্ত কমিশনার নজরুল বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা ছিল, সেখান থেকে হয়তো শতভাগ সফল হইনি। কিন্তু চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। পুলিশের মনোবল যেন ফিরে পায় এবং পুলিশ যেন জনগণের নিরাপত্তা আরও সক্রিয় ভূমিকা পালন করতে পারে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামে এক আসামিকে গ্রেপ্তার করে জনসম্মুখে ঘুরিয়েছিল পুলিশ। পরবর্তী সময় জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজি করছে বলে অভিযোগ রয়েছে। সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন, জামিনের বিষয়টি আদালতের বিষয়। পুলিশের কাজ সন্ত্রাসী, মাদককারবারি, চাঁদাবাজ গ্রেপ্তার করে আদালতে পাঠানো।