পানিসম্পদমন্ত্রী বললেন

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিংয়েই মিলবে স্থায়ী সমাধান

আপডেট : ২০ জুন ২০২৬, ০৮:০৫ এএম

উজান থেকে আসা স্রোত ও তীব্র নদীভাঙনের হাত থেকে তিস্তাপাড়ের মানুষকে রক্ষায় পরিকল্পিত ড্রেজিং ও স্থায়ী বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘আমরা যদি পরিকল্পিত উপায়ে বাঁধ নির্মাণ ও নদী ড্রেজিং করতে পারি, তবে ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষকে রক্ষা করতে সক্ষম হব।’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশেষজ্ঞ দলসহ (টেকনিক্যাল টিম) সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

গতকাল শুক্রবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘উজানে পার্শ্ববর্তী দেশের গজলডোবা ব্যারাজের গেটগুলো খুলে দেওয়ায় প্রচ- গতিতে পানি ধেয়ে আসছে। এই স্রোতের কারণে একদিকে তিস্তার পাড় ভাঙছে, অন্যদিকে বিশাল এলাকাজুড়ে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। পানি উপচেপড়ার (ওভারফ্লো) কারণে স্থানীয় মানুষের বসবাস করা কঠিন হয়ে পড়েছে। এই কষ্ট লাঘবে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়া হবে।’

তিস্তা মহাপরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, এটি শুধু উত্তরাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ।

উত্তরাঞ্চলের ৫ জেলার অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এই মহাপরিকল্পনার কাজ পুরোপুরি সমাপ্ত করতে হয়তো ২ থেকে ৪ বছর কিংবা ৬ থেকে ৭ বছর সময় লাগতে পারে। কিন্তু এর সুফল যখন আসতে শুরু করবে, তখন এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনীতি চাঙ্গা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের এমপি রোকন উদ্দিন বাবুল। এছাড়াও পানিসম্পদ মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত