বাংলাদেশের বিপুল জনসংখ্যা অভিশাপ নয়; বরং তা সবচেয়ে বড় শক্তি ও আশীর্বাদ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও নেতৃত্বের ক্ষেত্রে বিশ্বকে পথ দেখানোর সক্ষমতা রাখে।’ গতকাল শুক্রবার রাজধানীর ‘কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)’ মিলনায়তনে ‘রোটারি ইন্টারন্যাশনাল’ আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, ‘বাংলাদেশ পুরো বিশ্বকে নেতৃত্ব দিতে পারে। কারণ আমরা অত্যন্ত জনবহুল দেশ। অনেকে জনসংখ্যাকে বোঝা মনে করে, কিন্তু এটাই আমাদের আশীর্বাদ।’ তিনি বলেন, ‘রাজনীতি করতে হবে অন্যের জন্য, নিজের জন্য নয়।’
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য মিডডে মিল চালু করা হচ্ছে, যাতে তারা ভালোভাবে বেড়ে উঠতে পারে। একই সঙ্গে তাদের খেলাধুলা ও পড়াশোনাকে আনন্দময় করতে ‘লার্নিং হ্যাপি ক্লাস’, খেলাধুলা, সংস্কৃতি, পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও চারিত্রিক মূল্যবোধ শিক্ষায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
শুধু অনার্স-মাস্টার্স বা উচ্চশিক্ষার পেছনে না ছুটে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।