১৬ ডিসেম্বর খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল

আপডেট : ২০ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করতে চায় বাংলাদেশ সরকার। জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যথাসময়ে কাজ সম্পন্ন করবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আশ্বস্ত করেছেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।

আজ শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, জাপানের দুই কোম্পানি সুমিটোমো ও নিপ্পন কোয়ে যাতে দ্রুত কাজ শেষ করে, সেজন্য রাষ্ট্রদূতের সহায়তা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পটি ২০১৭ সালে একনেকে অনুমোদন পায়। সে সময় ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরে আরও ৭ হাজার ৭৮৮ কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের আকার দাঁড়ায় প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ শুরু হয়। এ খরচের বেশির ভাগ আসছে জাপানি সহযোগিতা সংস্থা জাইকার কাছ থেকে ।

থার্ড টার্মিনালের আয়তন হবে দুই লাখ ৩০ হাজার বর্গমিটার, যা বর্তমান দুটি টার্মিনালের দ্বিগুণের বেশি। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৪ সালের এপ্রিলের মধ্যে। সুমিটোমো ও নিপ্পন কোয়ে ছাড়াও ঢাকা কনসোর্টিয়ামের মাধ্যমে জাপানের মিৎসুবিশি ও ফুজিটা এবং কোরিয়ার স্যামসাং এ প্রকল্পে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত