প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত চা বাগানের সবুজ পাতা চয়নই তার কাজ। সেই শ্রম আর নিষ্ঠার স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে সম্মানিত হলেন ইস্পাহানি কোম্পানির নেপচুন চা বাগানের শ্রমিক জেসমিন আক্তার। ২০২৫ সালে ২৫ হাজার ৬২১ কেজি চা পাতা তুলে তিনি ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’ হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
জাতীয় চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা বোর্ডের আয়োজনে শনিবার (২০ জুন) শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে জেসমিন আক্তারের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের স্থায়ী শ্রমিক জেসমিন আক্তার দীর্ঘদিন ধরে চা পাতা চয়নের সঙ্গে যুক্ত। গত বছর তার সংগ্রহ করা চা পাতার পরিমাণ ছিল ২৫ হাজার ৬২১ কেজি, যা দেশের চা শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ। এ কৃতিত্বের জন্যই তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন।
অনুষ্ঠানে দেশের চা শিল্পে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় চা পুরস্কারে ভূষিত করা হয়।
সকালে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশীয় চা সংসদের সভাপতি কামরান টি রহমান এবং টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শাহ মঈনুদ্দিন হাসান।
জাতীয় চা দিবসের আয়োজনে দেশের চা শিল্পের উন্নয়ন, শ্রমিকদের অবদান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে উৎসাহ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, বাংলাদেশ বটলিফ টি ফ্যাক্টরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নিয়াজ আলী চিশতী ও চা শ্রমিক নেত্রী সনতকি রায় প্রমুখ।