রোহিঙ্গাদের জন্য নতুন জমি চাইল জাতিসংঘ, নাকচ বাংলাদেশের

আপডেট : ২০ জুন ২০২৬, ০৪:১৬ পিএম

মায়ানমারের জান্তাবাহিনী রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিল তারা। তাদের জন্য আরও জমি বরাদ্দ চেয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশ সরকার জাতিসংঘের এ আবেদন নাকচ করে দিয়েছে। 

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৯ জুন) মায়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মায়ানমারে। তাই এর টেকসই সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ মানবিক কারণে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। বিপুলসংখ্যক এ শরণার্থীর দীর্ঘমেয়াদি উপস্থিতি স্থানীয় জনগোষ্ঠী ও দেশের সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে। তাই এখন এ সংকটের দ্রুত ও টেকসই সমাধান জরুরি।

সংকটের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ অংশীজনের কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের আগে থেকে অন্তত চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। ২০১৭ সালের ২৫ আগস্ট সেনাচৌকিতে জঙ্গি হামলাকে অজুহাত দেখিয়ে রাখাইনে রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ রোহিঙ্গা রয়েছে বাংলাদেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত