বাবা দিবসে দোলার কণ্ঠে ‘বাবার ছায়া’

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:০২ এএম

বিশ্ব বাবা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় প্রকাশ হলো কণ্ঠশিল্পী আছিয়া ইসলাম দোলার নতুন মিউজিক ভিডিও ‘বাবার ছায়া’। গানটির কথা লিখেছেন তারেক আনন্দ এবং সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস। এটি শিল্পী দোলার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘আছিয়া ইসলাম দোলা’ থেকে প্রকাশ হয়েছে।

বাবাকে হারানোর দুই বছর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি প্রকাশ করেছেন দোলা। দোলা বলেন, ‘আমার ও আমার বাবার জীবনের গল্প শুনে অনুপ্রাণিত হয়ে তারেক আনন্দ ভাই গানটি লিখেছেন। গানটি মূলত আমার জীবনের এক প্রামাণ্যচিত্র। যাদের বাবা বেঁচে আছেন, তাদের জন্য এই মিউজিক ভিডিওর শেষে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে।’ একই সঙ্গে বাবার সঙ্গে তার শেষ ফোনালাপের অডিওটিও স্মৃতি হিসেবে যুক্ত করা হয়েছে ভিডিওতে।

সুরকার কিশোর দাস বলেন, ‘বাবাকে নিয়ে গানটির কথাগুলো ভীষণ সুন্দর। দোলা তার সর্বোচ্চটা দিয়ে গেয়েছে। কথার সঙ্গে মিলিয়ে একটি হৃদয়স্পর্শী সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আশা করি, যারা বাবা হারিয়েছেন, গানটি তাদের মন ছুঁয়ে যাবে।’

গীতিকার তারেক আনন্দ জানান, বাবা হারানো সন্তানদের ভেতরের শূন্যতা আর আবেগ জড়ানো ভালোবাসা প্রকাশের চেষ্টা থেকেই গানটি লেখা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত