বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ এর সভাপতি মাহমুদ হাসান খান। গতকাল শনিবার অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর প্রথম সহসভাপতি সেলিম রহমান।
সভায় বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সহসভাপতি ও পরিচালকরা, সাবেক সভাপতিরা, প্রাক্তন সহসভাপতি ও পরিচালকরা, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যরা এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার অঙ্গীকার করা হয়।
সভায় ২০২৪-২০২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদিত হয় এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাজেট পেশ ও অনুমোদন করা হয়। এবং ২০২৫-২৬ অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ করা হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত ১ বছরে তার পর্ষদ কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। অন্যদিকে, বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২০২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন ও ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।