হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

আপডেট : ২১ জুন ২০২৬, ০২:২২ এএম

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে দক্ষিণ লেবাননে আক্রমণাত্মক সামরিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হলেও বর্তমানে দখলে থাকা অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার কোনো নির্দেশ দেয়া হয়নি।

চ্যানেল ১২ জানিয়েছে, হামলা বন্ধের নির্দেশ কার্যকর হওয়ার নির্দিষ্ট সময় কিংবা এর আওতায় কোন ধরনের সামরিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় ইরান। ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। 

ইরানের সামরিক কমান্ড জানায়, এই পদক্ষেপকে ‘প্রথম ধাপ’ হিসেবে দেখা হচ্ছে। এটি একটি প্রতিক্রিয়া। যদি এমন ‘আগ্রাসন’ অব্যাহত থাকে তবে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, দীর্ঘদিনের সংঘাত ও হামলায় দক্ষিণ লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৪ হাজার ৫৭ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ১২ হাজার ১২১ জন। নিহত ও আহতদের বেশিরভাগই দক্ষিণ লেবাননের বাসিন্দা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত