খুলনায় ১১ দলীয় সমাবেশে জামায়াত আমির

প্রতিবেশী দেশ কালো হাত বাড়ালে বরদাশত করব না

আপডেট : ২১ জুন ২০২৬, ০৭:৪০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, সীমান্তে উসকানি দেওয়া হচ্ছে। প্রতিবেশী দেশ তাদের নাগরিকদের আমাদের দেশে ঠেলে পাঠাচ্ছে। গতকাল শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি সরকারকে এ বিষয়ে সজাগ থাকতে বলেন। একই সঙ্গে যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে দেশের মর্যাদা রক্ষায় প্রস্তুত থাকার আহ্বান জানান।

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং মাওলানা মামুনুল হক।

জামায়াত আমির বলেন, বিজিবি যখন সীমান্তে শক্ত হয়ে দাঁড়ায়, তখন তারা দেশের জন্য শক্তি হয়ে দাঁড়ায়। তিনি প্রতিবেশীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, কোনো প্রতিবেশী আমাদের দিকে কালো হাত বাড়াবে, সেটাও আমরা বরদাশত করব না। যদি কেউ কালো হাত বাড়ায়, মহান আল্লাহর ওপর ভরসা করে বলছি, সেই কালো হাত ভেঙে দেওয়া হবে, ইনশা আল্লাহ।

ডা. শফিকুর যুবসমাজকে উদ্দেশ করে বলেন, আগামী দিনের এই সম্ভাব্য বিপ্লব কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো গোষ্ঠী বা পরিবারের আত্মসম্মান বা স্বার্থসিদ্ধির জন্য নয়। এই বিপ্লব হবে কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করে পৃথিবীর বুকে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। তিনি বলেনÑ অন্যায়, আধিপত্যবাদ, চাটুকার, দুর্নীতিবাজ ও ধর্ষকদের বিরুদ্ধে লড়াইয়ে বয়সের ব্যবধান ভুলে সবাইকে এক হয়ে লড়তে হবে।

ডা. শফিকুর বলেন, দেশে যেন কোনো বিশৃঙ্খলা বা গৃহযুদ্ধ তৈরি না হয়, সেই কারণে সব যন্ত্রণা বুকে চেপে অতীতের অনেক নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হয়েছিল। কিন্তু একে কেউ দুর্বলতা ভাবলে ভুল করবেন। জামায়াত কারও ‘বাপ-দাদার চক্রান্তকে’ পরোয়া করে না।

সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত