অর্থনৈতিক সংকট কাটাতে দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী

আপডেট : ২১ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

আগের সরকারের রেখে যাওয়া ঋণের চাপ মোকাবিলা করতে গিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে শতভাগ নিখুঁত করা সম্ভব হয়নি। তাই দেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে আরও দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার ও আগের সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা নিয়ে কাজ করতে হয়েছে। সে কারণে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিখুঁত নয়। তবে পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, অর্থনৈতিক সংকট সমাধানে অন্তত দুই বছর সময় প্রয়োজন।

তিনি বলেন, দেশের মানুষকে করের আওতায় আসতে হবে, যদিও তা অল্প পরিমাণ অর্থ দিয়েই হোক। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিগত সরকার নিজেদের স্বার্থে প্রায় ১ হাজার ৩০০ প্রকল্প নিয়েছিল। এর মধ্যে অনেক প্রকল্প বাতিল করা হয়েছে। আবার বহু প্রকল্পের কাজ ৬০ থেকে ৮০ শতাংশ সম্পন্ন হলেও সেগুলো বাস্তবে তেমন কোনো কাজে আসছে না।

তিনি বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১১ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নিয়ে বেসরকারি খাতের টিকে থাকা কঠিন। একইভাবে সরকারের জন্যও এটি ব্যয়বহুল। তবে সরকার ধীরে ধীরে এই উৎস থেকে ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসবে।
ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। প্রচলিত ধারণা আছে, যারা রাজনীতি করে তারাই সুবিধা পায়। কিন্তু আমরা সে পথে হাঁটিনি।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য কোনো পরিবার বাদ যাবে না। দেশের প্রতিটি যোগ্য পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত