কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) উপলক্ষে দলটির যেকোনো ধরনের রাজনৈতিক অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে মাঠে নামার ঘোষণা দিয়েছে জুলাই বিপ্লবীদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। নির্দেশনায় এনসিপির সকল স্তরের নেতা-কর্মীকে মঙ্গলবার বিকেল পাঁচটায় নিজ নিজ জেলা ও মহানগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, বিগত সরকারের সময়ের অপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্দিহান। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন সংবাদমাধ্যমকে জানান, গুম ও গণহত্যার বিচার যেভাবে এগোচ্ছে, তাতে যথাযথ বিচার হওয়া নিয়ে তাদের মধ্যে সংশয় তৈরি হয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দেওয়া হচ্ছে। এমন উদ্ভূত পরিস্থিতিতে নিয়মিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই তারা এই বিক্ষোভের ডাক দিয়েছেন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মূল দলের পাশাপাশি এনসিপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও এই বিক্ষোভ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। মূলত আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক সক্রিয়তা মোকাবিলা এবং বিগত সময়ের অপরাধগুলোর দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করাই এই কর্মসূচির লক্ষ্য।
সাইপ্রাসে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুবক গ্রেপ্তার