বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলোচিত শহীদ আবু সাঈদকে স্মরণীয় করে রাখতে এবং নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করার লক্ষ্যে বান্দরবান জেলা সদরে ‘শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগার’ নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বান্দরবান পৌর এলাকার ধনেশ পাখি চত্বর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শহীদ আবু সাঈদ স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এ সময় পাঠাগার উদ্বোধন উপলক্ষে পাঠাগারের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই ছাত্র আন্দোলনের বিভিন্ন ঘটনা উল্লেখ করে এই আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা হয়েছে জানিয়ে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান।