মুচলেকা দিয়ে ছাড়া পেলেন এমপিপুত্র সজীব

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫৬ এএম

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজির অভিযোগে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি কার্যালয় থেকে তাকে মুচলেকা নিয়ে  ছেড়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে ওই এলাকার একাধিক শিল্পপ্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গতকাল রাতেই মুচলেকা নিয়ে আত্মীয়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কী অভিযোগে নেওয়া হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো তদন্তের আওতায় রেখেছি, আপাতত বিষয়টি নিয়ে তদন্ত করছি, বিস্তারিত পরে বলা সম্ভব।’  এর আগে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে গত রবিবার খাইরুল ইসলাম সজীবকে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, বিএনপি সরকার গঠনের পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেওয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেন খাইরুল। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।

খাইরুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদে ছিলেন। তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার পর যুবদলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত