পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছরের কারাদন্ড

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

অর্থ পাচারের মামলায় পালিয়ে থাকা প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের সহযোগী ও সুখাদা প্রোপার্টিজ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক অভিজিৎ অধিকারী তীর্থকে দুর্নীতির মামলায় পৃথক দুই ধারায় সাত বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ দন্ড দেন। সম্পদের তথ্য গোপনের মামলায় অভিজিৎ অধিকারীকে দুই বছরের এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে পাঁচ বছরের কারাদন্ড দেয় আদালত। দন্ডের পাশাপাশি ১ কোটি ৩৫ লাখ পাঁচ হাজার ২৮৪ টাকা অর্থদন্ড করা হয়েছে; অর্থদন্ড অনাদায়ে তাকে আরও ৩০ দিনের কারাদন্ড ভোগ করতে হবে। জ্ঞাত আয়ের উৎসের বাইরে অর্জিত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ এসেছে রায়ে। দুই ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়। এক্ষেত্রে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সাজা পাঁচ বছর কারাভোগ করতে হবে। আসামি মামলার শুরু থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

অভিজিতের বিরুদ্ধে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ ভোগ দখলের অভিযোগে ২০২৩ সালের ৬ মার্চ এ মামলাটি করেন। ২০২৪ সালের ৫ মে অভিজিতের বিরুদ্ধে ১ কোটি ৩৫ লাখ পাঁচ হাজার ২৮৪ টাকার অবৈধ সম্পদের অভিযোগ এনে অভিযোগপত্র জমা দেন। ২০২৫ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। বিচার চলারসময় আদালত পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে এ দন্ড দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত