পটুয়াখালীতে কার্টনের ভেতর নবজাতকের মরদেহ

আপডেট : ২৩ জুন ২০২৬, ১০:০৯ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে কার্টনের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বাদুরা বাজার এলাকার আকন বাড়ির সামনে স্থানীয়রা একটি কার্টন পড়ে থাকতে দেখে সন্দেহ করেন। পরে কার্টনের ভেতর একটি অপরিপক্ব নবজাতকের মরদেহ দেখতে পেয়ে তারা গলাচিপা থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে গলাচিপা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্টনের ভেতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কে বা কারা নবজাতকের মরদেহ সেখানে ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, গোপনে কোথাও গর্ভপাত ঘটিয়ে নবজাতকের মরদেহ ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি অপরিপক্ব নবজাতকের ভ্রূণ উদ্ধার করা হয়েছে। মরদেহটি থানায় আনা হয়েছে এবং ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত