দেশের প্রথম স্থানীয় লিফট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন 

টিইউভি সনদ পেলো প্রপার্টি লিফটস

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:১২ পিএম

আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিইউভি সনদ অর্জন করেছে দেশের অন্যতম লিফট প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রপার্টি লিফটস। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্থানীয় লিফট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে এ স্বীকৃতি অর্জনের গৌরব অর্জন করলো প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নরসিংদীর পলাশ উপজেলার কাজিরচর এলাকায় অবস্থিত ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রপার্টি লিফটসের উৎপাদন কারখানায় এক সনদ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে টিইউভি সুড বাংলাদেশ (প্রাইভেট) লিমিটেডের কান্ট্রি হেড কে. নাগারাজ আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পালের কাছে আনুষ্ঠানিকভাবে টিইউভি সনদ হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর সভাপতি ড. আলী আফজাল। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়িক অংশীদার, গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

টিইউভি সনদ অর্জনের বিষয়ে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, “এটি শুধু প্রপার্টি লিফটসের নয়, দেশের উৎপাদন শিল্পের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন। আন্তর্জাতিক মান, নিরাপত্তা এবং গুণগত উৎকর্ষতা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি এই সনদ। এর মাধ্যমে বাংলাদেশি প্রতিষ্ঠানও যে বিশ্বমানের পণ্য উৎপাদন করতে পারে, তা আরও একবার প্রমাণিত হলো।”

টিইউভি সনদ আন্তর্জাতিক মানের গুণগত ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত। এ অর্জনের ফলে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রপার্টি লিফটসের গ্রহণযোগ্যতা আরও বাড়বে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে নিরাপদ ও আধুনিক লিফট এবং এস্কেলেটর সরবরাহ করে আসছে প্রপার্টি লিফটস। সর্বাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের লিফট শিল্পে নিজেদের একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে।

এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা আরও বাড়াবে এবং একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রকৌশল ও উৎপাদন খাতের ভাবমূর্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত