বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলে নেইমারের উদ্দেশ্যে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন তার বাবা নেইমার সিনিয়র।
ভিডিওর ক্যাপশনে তিনি নেইমারকে মাঠে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার আহ্বান জানান। সেখানে নেইমারের একটি পুরনো বক্তব্যের অংশ তুলে ধরা হয়েছে, যেখানে নেইমার বলছেন:
"আমার বাবা সবসময় আমাকে একটা কথা বলতেন। আমি যখনই মাঠে নামতাম, তিনি বলতেন— 'বাবা, দৌড়াও, নিজেকে উজাড় করে দাও, এমনভাবে খেলো যেন এটাই তোমার জীবনের শেষ ম্যাচ।' তাই কালো মানিক (নেগাও), এমনভাবে দৌড়াও যেন এটাই তোমার জীবনের শেষ দিন।"
নেইমারের এই বক্তব্যটি মূলত ২০১৫ সালের মে মাসের। সে সময় 'কিংস লিগ ব্রাজিল'-এর ফাইনালে তার দল 'ফুরিয়া' চ্যাম্পিয়ন হওয়ার আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশ্যে এই অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন তিনি। নেইমারের বাবা সেই ভিডিওটিই আজ আবার শেয়ার করে ছেলেকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। এছাড়া ভিডিওটিতে পূর্ববর্তী বিশ্বকাপগুলোতে (যেমন ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল) ব্রাজিলের জার্সিতে নেইমারের কিছু স্মরণীয় মুহূর্তও জুড়ে দেওয়া হয়েছে।
বেঞ্চে থাকবেন নেইমার
গত ১৭ মে সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচে কাফ ইনজুরিতে (পায়ের পেশির চোট) পড়েছিলেন নেইমার। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠলেও স্কটল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে তিনি শুরুর একাদশে থাকছেন না। ইএসপিএন-এর সূত্র মতে, আজ বদলি খেলোয়াড় হিসেবে বেঞ্চে থাকবেন এই সেলেসাও তারকা।