দেশে মাদকাসক্ত ৮২ লাখ মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২৬, ১২:৫৪ পিএম

দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের সহজলভ্যতার কারণেই এই সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুন) সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 
অনুষ্ঠানে ১৫ টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আইন দিয়ে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক কারবারিরা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। ফলে তাদের অবস্থা এখন 'ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দারে'র মতো। এই সংকট কাটাতে ডিএনসি কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।

ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা পেন্ডিং আছে এবং বিভিন্ন জেলায় আরো অনেক মামলা ঝুলছে বলেও জানান তিনি। এ বিপুল সংখ্যক মামলার বিচার প্রথাগতভাবে করা কঠিন মন্তব্য করে তিনি বলেন, মাদক মামলার বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে, পাশাপাশি প্রথাগত আদালতেও এর বিচার কাজ চলবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত