পেনাল্টি মিস, গোল বাতিল, পোস্টে বল: নাটকীয় ড্র ইরানের

আপডেট : ২৭ জুন ২০২৬, ১২:০৪ পিএম

বিশ্বকাপের গ্রুপ 'জি'-এর শেষ ম্যাচে সিয়াটল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মিসর ও ইরান। পেনাল্টি মিস, একের পর এক বল পোস্টে লাগা এবং শেষ মুহূর্তের নাটুকে গোল বাতিলের পর ১-১ ব্যবধানের রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইরান। এই ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স-আপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে মিসর। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকা ইরানকে এখন নকআউট পর্বের জন্য তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপগুলোর জটিল সমীকরণের দিকে।

এই ড্রয়ের মাধ্যমে ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ফারাওরা। এর আগে ১৯৩৪ সালে নিজেদের অভিষেক বিশ্বকাপে এই গৌরব অর্জন করেছিল তারা।

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ৫ মিনিটের মাথায় মোহামেড সালাহর পাস থেকে গোল করে মিসরকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন মাহমুদ সাবের। তবে লিড বেশিদিন স্থায়ী হয়নি; ১৪ মিনিটে রামিন রেজায়িয়ান এক কঠিন কোণ থেকে দুর্দান্ত শটে ইরানকে সমতায় ফেরান (১-১)।

প্রথমার্ধেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ইরান। কিন্তু দলটির তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমির নেওয়া পেনাল্টি শট মিসরীয় গোলরক্ষক রুখে দিলে হতাশ হতে হয় পার্সিয়ানদের।

দ্বিতীয়ার্ধের শেষভাগ এবং অতিরিক্ত সময়ে ম্যাচের উত্তেজনা রূপ নেয় চরম নাটকে।

৮৯ মিনিটে কর্নার থেকে মেহেদি তারেমির বুলেট গতির হেড মিসরের ক্রসবারে লেগে ফিরে আসে।

৯২ মিনিটে ফ্রি-কিক থেকে মিসরীয় গোলরক্ষক ভুল পজিশনে চলে আসলে ফাঁকা পেয়ে বল জালে জড়ান ইরানের শুজা খলিলজাদেহ। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার আনন্দে মেতে ওঠে পুরো ইরান শিবির, এমনকি গ্যালারি থেকে এক সমর্থক মাঠেও নেমে পড়েন।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি। ভিএআর পরীক্ষার পর রেফারি জানান, বল পাস করার মুহূর্তে শুজা খলিলজাদেহ মাত্র কয়েক মিলিমিটারের ব্যবধানে অফসাইডে ছিলেন। ফলে গোলটি বাতিল হয়।

৯৮ মিনিটে বদলি খেলোয়াড় জাহানবখশের আরও একটি হেড মিসরের ক্রসবারে লেগে প্রতিহত হলে ইরানের জয়ের স্বপ্ন পুরোপুরি ভেঙে যায়।

ভিএআরে গোল বাতিল ইরানের

কীভাবে নকআউটে যেতে পারে ইরান?

গ্রুপের অন্য ম্যাচে বেলজিয়াম ৫-১ ব্যবধানে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ইরান বর্তমানে ৩ পয়েন্ট এবং ০ গোল ডিফারেন্স নিয়ে তৃতীয় স্থানে থাকা দলগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। শেষ ৩২-এ যেতে হলে বাকি থাকা তিন গ্রুপের ফলের ওপর নির্ভর করতে হবে তাদের। আগামীকাল যদি অস্ট্রিয়া আলজেরিয়াকে হারিয়ে দেয়, তবে অন্য কোনো হিসাব ছাড়াই সরাসরি নকআউটে চলে যাবে ইরান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত